মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। আহত ব্যক্তি উপজেলার বুটিয়াপাড়া সীমান্তসংলগ্ন উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৫)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭এপ্রিল) রাতে চোরাচালানী মালামাল সংগ্রহের উদ্দেশ্যে আনোয়ার হোসেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করলে তারকাঁটার কাছাকাছি এলাকায় অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ী/গারো ব্যক্তিদের হামলার মুখে পড়েন।
হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন এর আগেও একাধিকবার অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।