পীরগঞ্জে মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে পোস্ট, বিএনপি নেত্রীর মামলায় যুবক কারাগারে

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও ।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির ৪ জন সিনিয়র নেতার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আল আমিন (২৫) নামে এক যুবককে আজ রাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেত্রীর দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পীরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আল আমিনের বাড়ি ঠাকুরগাঁও জেলাতেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের চারজন জ্যেষ্ঠ নেতার ছবি এডিট করে অত্যন্ত মানহানিকর ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা বিএনপির একজন নারী নেত্রী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সাইবার নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করার অভিযোগে আল আমিনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি বা কারো মানহানি করা দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলেই আল আমিনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ