জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও (ESDO) পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেছেন এডুকো বাংলাদেশ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
গত ৬ এপ্রিল দিনব্যাপী এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশ-এর হেড অব প্রোগ্রাম তাজিন হোসেন। তাঁর সাথে প্রতিনিধি দলে আরও ছিলেন ম্যানেজার (রিসোর্স মোবিলাইজেশন) শাহিনুর ইসলাম, ম্যানেজার (চাইল্ড রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি) শহিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার শরিফুল আলম, প্রজেক্ট ম্যানেজার রাফেজা আক্তার এবং স্পন্সরশিপ অফিসার মোতাহার হোসেন প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সকালে সিদলী কমিউনিটির 'প্রাক-শৈশব যত্ন ও শিক্ষা কেন্দ্র' এবং 'শিখন কেন্দ্র' পরিদর্শন করেন। এরপর তাঁরা বারঘরিয়া কমিউনিটির কিশোর-কিশোরী ও যুব ক্লাব এবং 'গেমচেঞ্জার' প্রকল্পের আওতাধীন সঙ্গীত ও নৃত্য কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
একই দিন বিকেলে পরিদর্শন টিম রাণীশংকৈল পৌরসভার কিশোর-কিশোরী ও যুব ক্লাব পরিদর্শন করেন। সবশেষে তাঁরা রাঙ্গাটুঙ্গি ফুটবল মাঠে 'গেমচেঞ্জার' প্রকল্পের ফুটবল টিমের নিয়মিত অনুশীলন এবং একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের ইতিবাচক প্রভাব দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে শিক্ষক, অভিভাবক এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রকল্প থেকে অর্জিত শিক্ষার প্রশংসা করেন তারা। এ সময় প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের নিষ্ঠারও ভূয়সী প্রশংসা করা হয়।
তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে ইএসডিও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।