
মো: রফিকুল ইসলাম নড়াইলঃ
“ক্রীড়ায় হবে সেতুবন্ধন,করবো বাধা দূরীকরণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল নড়াইলের ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,গত এক বছরে নড়াইল জেলা জাতীয় পর্যায়ের অনেকগুলো ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।
শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদ,বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।