তেরখাদার বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদে মিল্টন মুন্সিকে দেখতে চান স্থানীয়রা

খুলনা সংবাদদাতা

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. মিল্টন মুন্সি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন মিল্টন মুন্সি। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পির আস্থাভাজন হিসেবে পরিচিত মিল্টন মুন্সি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছেও সুপরিচিত একটি নাম। দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা, সততা ও মানবিক গুণাবলীর কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এলাকার প্রবীণ ও তরুণদের অনেকেই মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় মিল্টন মুন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
বারাসাত ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, রাজনৈতিক জীবনে ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এছাড়া গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সে বিবেচনায় মিল্টন মুন্সিকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও এলাকাবাসীর প্রত্যাশা—মানুষের ভালোবাসা ও সমর্থনকে গুরুত্ব দিয়ে মিল্টন মুন্সি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং নির্বাচিত হলে বারাসাত ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ