রাসেল আহমেদ,খুলনা:
খুলনার তেরখাদা উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় ৩১০০ জন কৃষক-কৃষাণীকে সহায়তা দেওয়া হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাবু মোল্লা এবং সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত।
এ সময় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা এফ এম হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন।
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।