
রাসেল আহমেদ,খুলনা:
খুলনায় অতীতে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদ।
শনিবার জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার ৭৩টি পরিবারের মাঝে মোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
বক্তব্যে তিনি বলেন, “গুম ও খুনের মাধ্যমে দীর্ঘদিন মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। তবে মানুষের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে দেশ এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, এই সহায়তাকে দয়া হিসেবে দেখার সুযোগ নেই; এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার।
জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।