
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে চাষাবাদে যে বৈপ্লবিক নজির রেখে গেছেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন কর্মসূচি ইতিমধ্যে দৃশ্যমান। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর মতো যুগান্তকারী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাট চাষিদের সুবিধার জন্য সরকার সবসময় উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আপনারা হিসেব মিলিয়ে দেখুন, গত বছরের তুলনায় এ বছর তেলের চাহিদা কেন দ্বিগুণ বেড়ে যাবে? আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামী তিন থেকে চার মাসের জন্য প্রয়োজনীয় তেলের মজুদ আমাদের কাছে রয়েছে।”
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক শ্রেণির মোটর বাইকারদের অপ্রয়োজনীয় মজুদ বা অতিরিক্ত ব্যবহারের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
পাটবীজ বিতরণ শেষে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কালী নদীতে কচুরিপানা অপসারণ ও নৌ-যোগাযোগ নির্বিঘ্ন করার লক্ষ্যে কুলিয়ারচর বাজার লঞ্চঘাট এলাকা পরিদর্শনসহ কচুরিপানা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন এবং কুলিয়ারচর বাজার লঞ্চঘাটে একটি নতুন জেটি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরজিনা বেগম, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনসহ
বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, কৃষক-কৃষাণী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।