আল্লাহর ঘর রক্ষায় এগিয়ে আসুন: শিলাবৃষ্টিতে বিধ্বস্ত হরিপুর ডাঙ্গীপাড়া আবাসন জামে মসজিদ

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

গত ২৭ রমজানের আকস্মিক শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের ডাঙ্গীপাড়া আবাসন জামে মসজিদের জরাজীর্ণ টিনের চাল ফুটো হয়ে গেছে। ফলে বৃষ্টির পানিতে মসজিদের মেঝেতে কাদা জমে যাওয়ায় মুসল্লিদের নামাজ আদায়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে মসজিদটি সংস্কারে ১৮ বান টিন ও লোহার অ্যাঙ্গেল প্রয়োজন বলে জানিয়েছে মসজিদ কমিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঙ্গীপাড়া আবাসন এলাকার প্রায় ৮০টি পরিবারের একমাত্র ইবাদতের স্থান এই জামে মসজিদ। এখানে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ মুসল্লি নামাজ আদায় করেন। গত ২৭ রমজান প্রবল শিলাবৃষ্টিতে মসজিদের পুরনো টিনের চালের বিভিন্ন অংশ ফুটো হয়ে যায়। এর রেশ কাটতে না কাটতেই ঈদের দিনের বৃষ্টিতে মসজিদের ভেতরে পানি ঢুকে একাকার হয়ে যায়। বৃষ্টির পানিতে জায়নামাজ ও মেঝে ভিজে কাদায় ভরে যাওয়ায় মুসল্লিরা অত্যন্ত কষ্টের সাথে ঈদের নামাজ ও নিয়মিত সালাত আদায় করছেন।

সরেজমিনে দেখা যায়, মসজিদের চালের অবস্থা এতটাই জরাজীর্ণ যে আকাশ মেঘলা হলেই মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামনে বর্ষা মৌসুম ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা থাকায় দ্রুত সংস্কার করা না হলে মসজিদে ইবাদত করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মসজিদটি সংস্কারের জন্য নতুন ১৮ বান টিন এবং চালের কাঠামোর জন্য লোহার অ্যাঙ্গেল প্রয়োজন। আবাসন এলাকার বাসিন্দাদের আর্থিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় স্থানীয়ভাবে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

এই অবস্থায় আল্লাহর ঘর রক্ষায় এবং মুসল্লিদের নামাজ আদায়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ