
এস কে আলীম,কপিলমুনি খুলনা।
.
খুলনার কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করার পরদিনই অর্থাৎ বুধবার সকালে পুলিশের উপস্থিতিতে ১৪০ টাকা অকটেন বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
জ্বালানী তেল নিতে আসা চালক ও এলাকাবাসী বলেছেন, সরকারের বেঁধে দেওয়া দামকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খোদ পুলিশের উপস্থিতিতে ১৪০ টাকা লিটার দরে বিক্রি করা হয়েছে।
অকটেন বিক্রিকালে দেখা যায়, শতাধিক মোটর সাইকেল অকটেন নেওয়ার অপেক্ষা করছেন। তেলের দোকানের দরজার সামনে দায়িত্ব পালন করছেন কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামসহ আরো তিন চার জন পুলিশ সদস্য।
এসময় প্রতি লিটার অকটেন পুলিশের সামনে ক্রেতারা ১৪০ টাকা দরে কিনছেন। বাইকার রাজ্জাক বলেন, “প্রশাসনের সামনেই প্রতি লিটারে ২৪ টাকা বেশি নিল কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। আমি প্রতিবাদ করলে একজন পুলিশ সদস্য আমার উপর চড়াও হন।”
সরকার নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়ায় দোকানের বাইরে উপস্থিত মটরসাইকেল চালক ও জনসাধারণের মধ্যে চলছিল অসন্তোষ। অনেকে বাড়তি দাম নেওয়ার প্রতিবাদ করেন। স্থানীয়রা জানান, ৩০ মার্চ দিনগত ভোররাতে গোপনে ওই জ্বালানী তেল ব্যবসায়ী ৪০০ লিটার জ্বালানী দোকানের পেছনে বাড়িতে মজুদ করেন। পরের দিন অর্থাৎ ৩১ তারিখ মঙ্গলবার মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানাও করেন। কিন্তু এরপরও তিনি সোজা পথে আসেন নি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,“প্রথমে ওই দোকানদার ১৭০ টাকা দরে বিক্রি করছিল, এপর স্থানীয় নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেন, এবং তারা ১৪০ টাকায় বিক্রির সিদ্ধান্ত দেন।”
এবিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে।”