জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। অভিযুক্ত বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল বুধবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নবীজি (সা.)-কে নিয়ে যেকোনো ধরণের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা অভিযুক্ত বিধান রায়ের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সাহস না পায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।