সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।
অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি প্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের গেজেটেড কর্মকর্তা পেয়ার আহম্মাদ বিপ্লব সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (১ এপ্রিল, ২০২৬) প্রাপ্ত তাঁর একটি বিশ্লেষণধর্মী লেখা থেকে জানা যায়, অক্সফোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশ-বিদেশের শীর্ষ বিদ্যাপীঠ থেকে উঠে আসা তরুণ ও মেধাবী নেতারা এবার আইন প্রণয়নের দায়িত্বে এসেছেন, যা জাতীয় রাজনীতিতে একটি বড় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
অতীতের সংসদগুলোতে যুক্তিনির্ভর বিতর্কের অভাব এবং স্বজনপ্রীতির কারণে আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কীভাবে ব্যাহত হয়েছে, সেই প্রেক্ষাপটটি তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। এই কর্মকর্তার মতে, বর্তমান সংসদের চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং এই শিক্ষিত নবীন প্রতিনিধিদের উপস্থিতি সংসদকে একটি বুদ্ধিবৃত্তিক সংলাপের মর্যাদাপূর্ণ মঞ্চে পরিণত করবে। তিনি মনে করেন, জনপ্রতিনিধিদের অর্জিত জ্ঞান কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং এটি নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে এমন আইন প্রণয়নে সাহায্য করবে, যা হবে মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন। সংসদে মতানৈক্য থাকলেও তা শালীনতা ও জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হবে বলে তিনি দাবি করেন।
আধুনিক রাষ্ট্র গঠনে ভৌত কাঠামোর চেয়ে চিন্তার উৎকর্ষের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে এই তিনি আরও জানান, সংসদ সদস্যদের প্রজ্ঞা ও মেধা সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত হলে দেশ সুশাসন ও স্বচ্ছতার দিকে দ্রুত এগিয়ে যাবে। নবীনদের এই পদচারণা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি সুদূরপ্রসারী সমৃদ্ধির পথ তৈরি করবে এবং সংসদ পরিণত হবে মানবকল্যাণের এক অনন্য প্রতিষ্ঠানে।