চান্দিনায় দুর্নীতি প্রতিরোধে এনসিপির মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম শুরু

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক জটিলতা প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সরেজমিন পরিদর্শন কার্যক্রম শুরু করেছে এনসিপি। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির চান্দিনা উপজেলা আহ্বায়ক আবুল কাশেম অভি।
জানা গেছে, সাধারণ জনগণের সেবা প্রাপ্তি সহজ করা এবং সরকারি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই মনিটরিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর অংশ হিসেবে আজ মাধাইয়া ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ভূমি অফিস পরিদর্শন করা হয়।
এ সময় এনসিপির নেতৃবৃন্দ সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সেবা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে সেবার নামে হয়রানি, দেরি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম দেখা যায়—এসব বিষয় যাচাই করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আহ্বায়ক আবুল কাশেম অভি জানান, “আমরা চাই জনগণ যেন নির্ভয়ে ও নির্ভুলভাবে সরকারি সেবা পায়। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। তাই প্রতিটি ইউনিয়নে হঠাৎ করেই এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, এই কার্যক্রম সম্পূর্ণ অপ্রকাশিতভাবে পরিচালিত হবে, যাতে প্রকৃত চিত্র উঠে আসে এবং কোনো ধরনের পূর্বপ্রস্তুতি নিয়ে তথ্য গোপন করার সুযোগ না থাকে।
এনসিপি সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে চান্দিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের মনিটরিং কার্যক্রম চালানো হবে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের তদারকি থাকলে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং দুর্নীতি অনেকাংশে কমবে বলে আশাবাদী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ