জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিখন-শেখানো সামগ্রী ক্রয় এবং শ্রেণিকক্ষ সজ্জায় বড় অঙ্কের আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই বরাদ্দ দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক আদেশে ঠাকুরগাঁও জেলার মোট ৯৯৪টি বিদ্যালয়ের জন্য ৭৫,৫৪,৬০০ (পঁচাত্তর লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত) টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের জন্য নির্ধারিত ৭,৫০০ টাকা হারে এই অর্থ ব্যয় করা হবে।
বরাদ্দের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, "আমরা চাই এই অর্থ যথাযথভাবে ব্যয় হোক। এই অর্থ ব্যবহারের স্বচ্ছতা দেখভাল করা সবার দায়িত্ব, বিশেষ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের (এটিও) এ বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা আশা রাখি সঠিকভাবে এই টাকা ব্যয় হলে জেলায় প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার মান বজায় রাখা সম্ভব হবে।"
এদের মধ্যে, ঠাকুরগাঁও সদর: ৪০৪টি বিদ্যালয়ের জন্য ৩০,৭১,৪০০ টাকা। পীরগঞ্জ: ১৮৮টি বিদ্যালয়ের জন্য ১৪,২৯,৮০০ টাকা। রানীশংকৈল: ১৫১টি বিদ্যালয়ের জন্য ১১,৪৭,৬০০ টাকা । বালিয়াডাঙ্গী: ১৩৮টি বিদ্যালয়ের জন্য ১০,৪৮,৮০০ টাকা। হরিপুর: ১১৩টি বিদ্যালয়ের জন্য ৮,৫৭,০০০ টাকা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এই বরাদ্দ দিয়ে শিশুদের জন্য প্রয়োজনীয় খেলনা, চার্ট, পোস্টারসহ বিভিন্ন শিখন-শেখানো সামগ্রী ক্রয় এবং শ্রেণিকক্ষকে আকর্ষণীয়ভাবে সাজানো হবে। বরাদ্দের এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ জিওবি (GOB) এবং ৩০ শতাংশ আরপিএ (RPA) তহবিল থেকে নির্বাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এবং খুদে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ ও জেলা শিক্ষা অফিসের কড়া নজরদারিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।