দাউদকান্দিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ফারুক মাষ্টার,তিতাস(কুমিল্লা)

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর বাজারে জমি দখল, জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সোমবার (৩০ মার্চ) দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য মাহমুদা আহমেদ।

লিখিত বক্তব্যে মাহমুদা আহমেদ জানান, তাঁর বাবা মোস্তাক আহমেদ ও চাচা মহিউদ্দিন গং ১৯৯৬ সালে সুরজাবালা নামের এক ব্যক্তির কাছ থেকে ৪২ নম্বর দাগে মোট ৪৬ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তারা ওই জমি ভোগদখলে থাকলেও ৭-৮ মাস আগে প্রতিপক্ষ দাবি করে, ম্যাপ সংশোধনের সময় জমির একটি অংশ ২৯৫ নম্বর দাগে চলে গেছে।

এ নিয়ে সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় মারুকা ইউনিয়নের এক রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টরা ভুক্তভোগী পরিবারের কাছে ১৮ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়। পরে সমঝোতার কথা বলে ২ লাখ টাকা অগ্রিম নেওয়া হলেও তাদের নামে বায়নাপত্র না করে কৌশলে অন্য নামে দলিল করা হয়। বিষয়টি জানাজানি হলে এখন জমির মূল্য বাবদ ৩৪ লাখ টাকা দাবি করা হচ্ছে এবং টাকা না দিলে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয়ভাবে সুরাহা না পেয়ে তারা আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। আদালত থেকে নোটিশ জারি হলেও বিবাদী পক্ষ আদালতে উপস্থিত না হয়ে উল্টো হামলা ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। এতে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

সংবাদ সম্মেলনে মাহমুদা আহমেদ বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন, আদালত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ