সংবাদ প্রতিবেদন : মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩০ মার্চ, ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট চারজনকে দুই লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল দাগনভূঞা ব্রিকস এবং সিরাজ ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠান। পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব বিস্তারের আশঙ্কায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ১৪ ধারায় ব্যবস্থা গ্রহণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রতিটি ইটভাটাকে এক লাখ টাকা করে সর্বমোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে তাৎক্ষণিকভাবে উভয় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন।
একই দিন উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অপর একটি অভিযান পরিচালিত হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুটি পৃথক মামলায় দুজন চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।