“আমি নিজের বা পরিবারের জন্য নয়, জনগণের হয়ে থাকতে চাই”- মেয়র প্রার্থী সাইফুল আলম (আউয়াল)

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক সাইফুল আলম (আউয়াল) বলেছেন, “আমি ব্যক্তিগত স্বার্থ কিংবা পরিবারের জন্য তেমন কিছু করি না; আমি যা করেছি, করছি এবং ভবিষ্যতেও করবো তা শুধু জনগণের কল্যাণে। আমি চাই কেন্দুয়া পৌরবাসীর পাশে থেকে তাদের নাগরিক অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে।”

সম্প্রতি এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন মেয়র পদপ্রার্থী সাইফুল আলম (আউয়াল), সাধারণ মানুষও তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সাইফুল আলম (আউয়াল) বলেন, কেন্দুয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, সুপেয় পানি, স্যানিটেশন, সড়কব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা রয়েছে। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। “একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলা হবে, যেখানে জনগণের মতামতই হবে প্রধান ভিত্তি”।

এসময় তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কেন্দুয়া পৌরসভাকে একটি উন্নত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সাইফুল আলম (আউয়াল)-এর এমন জনমুখী বক্তব্য ও প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ