সংবাদ প্রতিবেদন : মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রজনীগন্ধার স্টিক দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান।
দেশের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রাখা এই সূর্যসন্তানরা তরুণ কর্মকর্তাদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তার অনুভূতি প্রকাশ করে জানান, তরুণ প্রশাসনের এই শ্রদ্ধা তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জোর দাবি জানান বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার। দেশকে সুচারুভাবে পরিচালনার জন্য তিনি বর্তমান প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানান।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। সংবর্ধনা শেষে ইউএনও মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী এবং পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজল হক তালুকদার আবিদ। এছাড়া গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহসভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য ওয়াহিদুল ইসলাম জিতু, দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া এবং সাংবাদিক আলা উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।