
রাসেল আহমেদ,খুলনা
খুলনার তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। এ সময় সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে অবৈধ স্থাপনা অপসারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।
এদিকে কাটেঙ্গা বাজারে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল বলে জানান স্থানীয়রা।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা। তারা বলেন, এ উদ্যোগ বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং জনদুর্ভোগ কমাবে।
এ পদক্ষেপের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।