জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও
"স্বাধীনতার সুদীর্ঘ ৫৪ বছর পর আমরা এবং আমি কাজ করার যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগিয়ে হরিপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলা হবে। এলাকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসবে, তা স্বচ্ছতার সাথে আপনাদের সামনে তুলে ধরবো। কোনো প্রকার লুকোচুরি বা দুর্নীতির স্থান এখানে হবে না।"
বুধবার (২৫ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে স্থানীয় আদর্শ মহিলা কলেজ মাঠে আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই ডা. সালাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মব জাস্টিস, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা কখনো সাধারণ মানুষের ওপর জুলুম করতে পারে না। যারা দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলে কোনো অপরাধীর ঠাঁই নেই।"
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, "হরিপুর উপজেলার মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি কথা দিচ্ছি, আমার আমলে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি বরাদ্দের হিসাব জনগণের কাছে থাকবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি, আমরা এসেছি জনগণের সেবক হিসেবে কাজ করতে।"
হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপধ্যাক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সংবর্ধনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা করিমুল হক।
বক্তারা বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র সুসংহত করতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনবিচ্ছিন্ন কোনো কাজ করা যাবে না যা দলের ভাবমূর্তি নষ্ট করে।
সভার এক পর্যায়ে হরিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ডা. মোঃ আব্দুস সালাম এমপি কে ফুলেল শুভেচ্ছা এবং একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিকেলে শুরু হওয়া এই সমাবেশ সন্ধ্যার আগে শান্তিপূর্নভাবে শেষ হয়।