সংবাদ প্রতিবেদন : মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা কাজী সিকান্দার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন। ফেনী সাহিত্য ফোরাম আয়োজিত একটি আনন্দ ভ্রমণে অংশ নেওয়ার সময় মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারান।
ভ্রমণের একপর্যায়ে এই প্রখ্যাত গবেষক ও সংগঠক হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে লেখক, সাংবাদিক এবং সম্পাদনা জগতের সংশ্লিষ্টদের মাঝে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামসহ দেশের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন তার রুহের মাগফিরাত কামনা করে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে।
শিবপুরের জামাল কাজী বাড়ির বাদামতলী এলাকার মরহুম মোখলেসুর রহমানের ছোট ছেলে মুফতী কাজী সিকান্দার তার কর্মজীবনে গল্প, উপন্যাস, কবিতা এবং গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। তার সমৃদ্ধ সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ২০২০ সালে প্রকাশিত গল্পগ্রন্থ 'মা', ২০২১ সালে সম্পাদিত কবিতা 'সোনালী মেঘ', ২০২২ সালে 'মানবতার কাব্য' ও উপন্যাস 'দ্যা কী অব লাভ (ভালোবাসার চাবি)' এবং ছদ্মনাম 'আজনবী' তে লেখা উপন্যাস 'হুজুরের শ্যালিকা'। এছাড়া ২০২৪ সালে তিনি 'লেখক হওয়ার ব্যাকরণ', 'শিক্ষা, নারী শিক্ষা ও মহিলা মাদরাসা', 'কওমীর পতনধ্বনী: উত্তরণ ও আশার বাণী', 'সহীহ দাওয়াত ও তাবলীগ', এবং আরবি শিশুসাহিত্য 'দারুল আরাবিয়্যাহ' ও ইংরেজি শিশুসাহিত্য 'ক্যাপিটাল ইংলিশ'-এর ১ থেকে ৫ খণ্ড প্রকাশ করেন। ২০২৫ সালে তার রচিত 'রাসূল (সা.) প্রেমের সওগাত', 'উম্মুহাতুল মুমিনীন' এর অনুবাদ এবং 'গ্রাম আমার মায়ের আঁচল' ছড়া-কবিতা প্রকাশিত হয়। এর আগে ২০১৪ সালে 'তাজবীদুল কুরআন' ও 'দ্বীনী তালীম', ২০১৬ সালে বাংলা শিশুসাহিত্য 'পুষ্পকলি'-এর ৫টি খণ্ড এবং ২০২৩ সালে শিশু পাঠ্য 'ইসলাহী কায়দা' রচনা করেন তিনি। এছাড়াও 'ইলম ও আলেম' এবং 'ভোট ও নেতা নির্বাচন' তার অন্যতম উল্লেখযোগ্য কাজ।
বহুমাত্রিক মেধার অধিকারী এই আলেম সমাজসংস্কার, দ্বীনি প্রচার এবং সাহিত্যচর্চায় যে অসামান্য অবদান রেখেছেন, তা সংশ্লিষ্ট মহলে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে এই গুণী ব্যক্তিত্বের জান্নাতুল ফেরদাউস লাভের জন্য প্রার্থনা জানিয়েছেন।