জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কালীগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (২৩ মার্চ) রাতে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবসমাজের উদ্দেশ্যে মাদকবিরোধী কড়া হুঁশিয়ারি ও দিকনির্দেশনা প্রদান করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালামের কন্যা ডাঃ কাশফিয়া সালাম নির্ঝর।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কাশফিয়া সালাম বলেন, "তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাঠের বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে আমাদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। মনে রাখতে হবে, মাদকের চাইতে ক্রীড়া বড়। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলা অপরিহার্য।" তিনি তরুণদের স্মার্টফোন ও মাদকের নেশা ছেড়ে গঠনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান ডন এবং উপজেলা মহিলা দলের সভাপতি সাবানা পারভীন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদকের মরণকামড় ও বিপন্ন ‘ইয়ুথ ডিভিডেন্ড’
প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ পরিসংখ্যান। বর্তমানে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৪৯ শতাংশের বয়স ২৪ বছরের নিচে। এই বিশাল তরুণ প্রাণশক্তি বা 'ইয়ুথ ডিভিডেন্ড' আজ হুমকির মুখে। বেসরকারি হিসেব মতে, দেশে প্রায় ৮০ লাখ মাদকাসক্ত মানুষের এক বিশাল অংশই এই তরুণ প্রজন্ম। সবচাইতে উদ্বেগজনক তথ্য হলো, ইয়াবা সেবনকারীদের মধ্যে ৮৫ শতাংশই তরুণ। ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সাল নাগাদ মাদকাসক্তের এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে।
এই সংকটময় মুহূর্তে কালীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের জন্য এক পজিটিভ প্ল্যাটফর্ম হিসেবে দেখা দিচ্ছে। ফ্লাডলাইটের আলোয় আয়োজিত এই টুর্নামেন্ট দেখতে হরিপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শক মাঠে ভিড় জমান। দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে সরিয়ে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই নিয়মিত আয়োজন। প্রতিযোগিতার ম্যাচগুলো নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।