ফেনী-৩ আসন: আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ডিবি হেফাজতে

সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।

​রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ মার্চ ২০২৬, সোমবার দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে তার নিজ বাসভবন থেকে হেফাজতে নেওয়া হয়।

​সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে ঠিক কী কারণে বা সুনির্দিষ্ট কোন মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

​সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পট পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান এবং পদোন্নতি লাভ করে লেফটেন্যান্ট জেনারেল হন। মূলত তার নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই তৎকালীন দুর্নীতিবিরোধী অভিযানগুলো পরিচালিত হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে তিন দফায় তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।

​দীর্ঘদিন সামরিক ও কূটনৈতিক দায়িত্ব পালনের পর তিনি ব্যবসা এবং রাজনীতিতে সক্রিয় হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরুতে ফেনী-৩ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনি জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে যুক্ত হন। দলটির মনোনয়ন কেনার ঠিক পরদিনই তিনি জাপার সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পদ লাভ করেন। অবসর জীবনে ঢাকায় রেস্তোরাঁসহ বেশ কয়েকটি ব্যবসায়িক উদ্যোগের সাথে যুক্ত ছিলেন আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ