
উমর ফারুক পঞ্চগড়
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও পঞ্চগড় জেলা জুড়ে বইছে উৎসবের রঙিন জোয়ার। টানা ছুটির আবহে মানুষের আনন্দ যেন থামতেই চাইছে না। পরিবার-পরিজন, বন্ধু-স্বজনকে সঙ্গে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে সবখানেই এখন একটাই সুর, আনন্দ আর অবকাশের।
সোমবার ( ২৩ মার্চ ) সকাল গড়াতেই দলে দলে মানুষ ছুটে যান বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে। গত দুই দিনের মতো তৃতীয় দিনেও এসব স্থানে ছিল উপচে পড়া ভিড়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্ক ও পঞ্চগড় জেলা প্রশাসকের ইকোপার্ক, মহারাজা দিঘি , পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর, কাজী ও কাজী টি এস্টেট ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট সহ জেলার আরো বিভিন্ন দর্শনীয় স্থানে ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ।
বিশেষ করে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা রঙিন পোশাকে নিজেদের মতো করে উদযাপন করছে ঈদের আনন্দ, যা পুরো পরিবেশকে করে তুলেছে আরও বর্ণিল ও পপুরোবন্ত।
ঈদের এই ভিড়কে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী মেলা, দোকান, খাবারের স্টল ও খেলনার পসরা। ফলে বিনোদনের পাশাপাশি জমে উঠেছে ছোটখাটো বাণিজ্যও।