
জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের আমানত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি আইনি ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, খাল খনন কর্মসূচি দেশের কৃষি বিপ্লবের একটি বড় অংশ। এখানে কেউ যদি টাকা আত্মসাৎ বা কাজের মান নিয়ে নয়ছয় করে, তবে তাকে রেহাই দেওয়া হবে না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি প্রকল্পের টাকা যেন সরাসরি জনগণের কল্যাণে এবং মাঠ পর্যায়ের উন্নয়নে ব্যয় হয়, সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নজরে রাখতে হবে।
কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার পানির স্তর ঠিক রাখতে খাল ও নদী খনন অত্যন্ত জরুরি। এর ফলে শুধু সেচ সুবিধাই বাড়বে না, বরং এলাকায় মাছ চাষ এবং হাঁস পালনের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তার নেতিবাচক প্রভাব আমাদের দেশের কৃষি ও সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কৃষি ও কৃষিবান্ধব প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
নেহা নদীর এই পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা উপস্থিত হয়ে নদীটি পুনঃ খননের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে এই অঞ্চলের কয়েক হাজার একর জমিতে সেচ সুবিধা সহজতর হবে।