তেরখাদায় ডাকাতির ঘটনায় এমপি হেলাল সরেজমিনে, দ্রুত গ্রেফতারের কঠোর নির্দেশ

রাসেল আহমেদ, খুলনা

 

খুলনার তেরখাদা উপজেলায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজীজুল বারী হেলাল। তিনি দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন।
উপজেলার বলর্দ্বনা গ্রামে সেনা সদস্য বিশ্বজিৎ কুমার দাসের বাড়িতে গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সশস্ত্র ডাকাতদল হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল ঘরের চারটি কক্ষ তছনছ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে গতকাল রবিবার (২২ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি আজীজুল বারী হেলাল। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিদর্শনকালে এমপি হেলাল বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট থানা পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
এদিকে, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমপি আজীজুল বারী হেলালের দ্রুত পদক্ষেপ ও ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ