
রাসেল আহমেদ,খুলনা
তেরখাদা উপজেলা সদরের অন্যতম বৃহৎ কাটেঙ্গা বাজারে খাজনা বাবদ আর কোনো অর্থ দিতে হবে না—এমন যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। রোববার (২২ মার্চ) তার এই ঘোষণার পরপরই বাজারজুড়ে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
একই সঙ্গে বাজার এলাকার সড়কের ওপর গড়ে ওঠা দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাটেঙ্গা বাজারে খাজনা আদায় ও রাস্তার ওপর দোকানপাট বসানোর কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বাজারের পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। কেনাকাটা সহজ হওয়ায় ক্রেতারা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি বাড়তি চাপমুক্ত হয়ে স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন বিক্রেতারাও।
কাটেঙ্গা বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ বলেন, “এলাকার মানুষের কথা বিবেচনা করে এমপি আজিজুল বারী হেলাল এই সাহসী উদ্যোগ নিয়েছেন। আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। খাজনা বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন, বাজারে ফিরে এসেছে স্বাভাবিক গতি।”
তিনি আরও বলেন, খাজনা বন্ধ ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়নের ফলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের ভাষ্য, এমপি হেলালের এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং এটি জনস্বার্থে নেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ। এতে বাজারকেন্দ্রিক জনজীবনে স্বস্তি ফিরেছে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।