সংবাদ প্রতিবেদন : মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থার খোঁজখবর নিতে শনিবার, ২১ মার্চ, ২০২৬ তারিখে আকস্মিক পরিদর্শনে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। পবিত্র ঈদুল ফিতরের উৎসবের মাঝেই হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
চিকিৎসা নিতে আসা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় রোগীরা হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা ও সমস্যাগুলো তুলে ধরলে তিনি মনোযোগ সহকারে তা শোনেন এবং সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া, ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেজন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সপ্তাহে সাত দিন এবং দিনে চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা প্রদানের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে পরিদর্শনে জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এছাড়াও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মোবারক হোসেন দুলাল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন।