
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে দেশবাসীকে গভীর আন্তরিকতা ও হৃদয় উজাড় করা শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম।
তিনি এক বিস্তৃত শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, সংযম ও মানবিকতার এক মহান শিক্ষা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের চেতনাকে ধারণ করেই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হবে। ঈদ আমাদের শেখায়—নিজের সুখের পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত।
তিনি তাঁর নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন আমরা সব সময়ই সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অঞ্চলের মানুষের মাঝে যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বিদ্যমান, তা আরও সুদৃঢ় করে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বিশেষভাবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান, যাতে তারা ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নেন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখেন।
তিনি আরও উল্লেখ করেন, ঈদের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—তিনটি স্তরেই ইতিবাচক পরিবর্তন আনার শক্তি রাখে। তাই এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার শেষাংশে মোঃ শরিফুল আলম ভৈরব ও কুলিয়ারচর তথা দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।