জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও ।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস সালাম অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আব্দুস সালাম জানান, হামার-২ আসনের জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে হরিপুর উপজেলার জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি তার ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিক অনুদান প্রদান করেছেন। সাময়িকভাবে দুস্থ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে হরিপুর উপজেলার মোট ৩৪০ জন সুবিধাভোগীর হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি এবং বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ দোয়া ও উপহার সামগ্রী। এমপির নির্দেশ অনুযায়ী, আগামীকাল (ঈদের আগে) এই উপহারগুলো স্থানীয়দের মাঝে বিতরণ করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হানুল ইসলাম, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এবং সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক করিমুল হক, সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।