
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও:
সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের এক তরুণ এবার বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকার মান উজ্জ্বল করলেন। বিশ্বের অন্যতম শক্তিশালী ও আধুনিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট’ (NYPD)-এ সম্মানজনক পদে অভিষিক্ত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান মাহমুদুল হাসান সুপ্ত। সুপ্তর এই অভাবনীয় সাফল্যে কেবল তার পরিবার নয়, পুরো ঠাকুরগাঁও জেলা ও দেশবাসীর মধ্যে বইছে আনন্দের ঢেউ।
মাহমুদুল হাসান সুপ্ত ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের দুই বারের সফল ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হকের কনিষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই সুপ্ত ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের কিন্তু লক্ষ্য অর্জনে অটুট। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক গণ্ডি শেষ করার পর থেকেই তার চোখে ছিল বড় কিছু করার স্বপ্ন। সেই স্বপ্নের টানেই কয়েক বছর আগে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে।
নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেওয়া মোটেও সহজ ছিল না। জানা গেছে, সেখানে কয়েক ধাপের কঠিন শারীরিক ও মানসিক সক্ষমতা পরীক্ষা, তাত্ত্বিক জ্ঞান এবং দীর্ঘমেয়াদী কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে তাকে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে নিজের মেধা, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার প্রমাণ দিয়েই তিনি আজ NYPD-এর মতো একটি মর্যাদাপূর্ণ সংস্থায় কাজ করার সুযোগ পেয়েছেন।
ছেলের এই সাফল্যে শুকরিয়া আদায় করে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক বলেন, সুপ্ত ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল। আজ তার এই অর্জনে আমরা গর্বিত। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি চাই সে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
সুপ্তর এই খবর এলাকায় পৌঁছানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বইছে। চিলারং ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এবং জেলার সুধী সমাজ মনে করছেন, সুপ্তর এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের তরুণেরা বিশ্বমঞ্চে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম। এটি নতুন প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীবৃন্দ মাহমুদুল হাসান সুপ্তর কর্মজীবনের উত্তরোত্তর উন্নতি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।