রাসেল আহমেদ,খুলনা
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন বাবু। ইতোমধ্যে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে সমর্থন ও দোয়া কামনা করে মাঠপর্যায়ে গণসংযোগ শুরু করেছেন।
আবুল হোসেন বাবু দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি খুলনা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সংগঠনের ভেতরে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির দপ্তর সংক্রান্ত দায়িত্বে রয়েছেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন শিক্ষিত ও পেশাদার ব্যক্তি হিসেবে পরিচিত। কৃষি বিষয়ে ডিপ্লোমা এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
প্রার্থী হওয়ার বিষয়ে আবুল হোসেন বাবু বলেন, এলাকার মানুষের সেবা করা এবং তাদের প্রত্যাশা পূরণই তার মূল লক্ষ্য। তিনি জানান, নির্বাচিত হলে তেরখাদার সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কৃষিভিত্তিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তিনি আরও বলেন, “আমি এই উপজেলার মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, অতীতে জাতীয় সংসদ নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তেরখাদায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আবুল হোসেন বাবুর নাম আলোচনায় থাকায় নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং মাঠপর্যায়ের সম্পৃক্ততা দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নিজেকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আবুল হোসেন বাবু।