
সংবাদ প্রতিবেদন : ডেস্ক, দাগনভূঞা (ফেনী)
ফেনীর দাগনভূঞা পৌরসভা এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার পরিবারের মাঝে আসন্ন উৎসব উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ সকাল ১০টায় স্থানীয় আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশিদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগের সম্পূর্ণ অর্থায়ন করেছেন দুবাইপ্রবাসী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গোলাম আযম ভূঁইয়া। তিনি ফেনী প্রবাসী ফোরাম ইউএই-এর সহ-সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল সিটিজেন পালস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাগনভূঞা পৌর শাখা।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক। এসময় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন এবং স্থানীয় ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ। আলোচনা পর্বে উপস্থিত বক্তারা সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি অবশ্যপালনীয় মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান শ্রেণিকে এ ধরনের উদ্যোগে আরও ব্যাপকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর আমির কামরুল আহসান, সেক্রেটারি আবু সাঈদ এবং সাবেক কমিশনার কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে সুশৃঙ্খলভাবে উপস্থিত পরিবারগুলোর মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।