রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেছেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যকে প্রাধান্য দিতে হবে। যদি আমার বিরুদ্ধেও কোনো তথ্যভিত্তিক সংবাদ থাকে, তবুও নির্ভয়ে তা প্রকাশ করবেন। কারণ সত্য প্রকাশই সাংবাদিকতার মূল শক্তি।”
গতকাল শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে উঠে আসে। তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এই পেশার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখা সম্ভব। তাই ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনা নয়, বরং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও সাহসী ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের প্রধানমন্ত্রীর স্পষ্ট মেসেজ সাংবাদিকদের কাজে বাঁধা দেয়া যাবে না তারা সত্যটা কলমের মাধ্যমে লিখবেই, সেটা দলের যে কারও বিরুদ্ধে হতে পারে। তাই আমি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বলছি সাংবাদিকদের সাথে ভালো আচরণ করবেন। পাশাপাশি সাংবাদিক ভাইদেরও বিশেষ অনুরোধ তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে সংবাদ প্রকাশ করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।