জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা (৭৩) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা ওই গ্রামের মৃত আসলে উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তারাবিহ নামাজের ওজু সেরে নিজ ঘরে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘরের সার্কিট লাইন থেকে দরজার ওপর দিয়ে বাইরে বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল। দীর্ঘদিনের ঘর্ষণে তারটি লিক হয়ে টিনের (পেলেনসিট) দরজার সংস্পর্শে আসায় পুরো দরজাটি বিদ্যুতায়িত হয়ে যায়। ওজু শেষে ভেজা অবস্থায় ঘরে ঢোকার সময় দরজায় স্পর্শ লাগামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।"
বৃদ্ধার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।