সংবাদ প্রতিবেদন : ডেস্ক।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের শীর্ষ পদে কেবল উচ্চশিক্ষিত ও দূরদর্শী ব্যক্তিদের পদায়নের জোর দাবি উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পেয়ার আহম্মাদ বিপ্লব ১১ মার্চ ২০২৬, বুধবার ফেইসবুকে একটি লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রস্তাব প্রকাশ্যে আনেন। শিক্ষাব্যবস্থার কাঠামোগত অগ্রগতি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পাঠদান পরিবেশ নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে ওই কর্মকর্তা তাঁর পর্যবেক্ষণে তুলে ধরেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তার পর্যালোচনায় উঠে এসেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে তা সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন। অযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানগুলোতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও আধিপত্য বিস্তারের শঙ্কা বহুগুণ বেড়ে যায়। এর ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক অগ্রগতিও চরমভাবে বাধাগ্রস্ত হয়। সঠিক স্থানে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, প্রজ্ঞাবান ব্যক্তিরা নেতৃত্বে না থাকলে বিদ্যমান সংকটগুলোর যৌক্তিক সমাধান কখনোই সম্ভব নয়।
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মেধা, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। লিখিত বক্তব্যে স্পষ্ট করা হয়, রাজনৈতিক আধিপত্য বিস্তার বা নিছক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কাউকে শীর্ষ পদে মনোনীত করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। সার্বিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। অন্যথায় অদক্ষদের হস্তক্ষেপে সমাজকাঠামোতে শিক্ষিতদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পুরো জাতির ভবিষ্যৎ গভীর সংকটের মুখে পড়বে বলে সতর্ক করা হয়েছে।