
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে প্রকৃত জন্মতারিখ গোপন করে ইএফটি (EFT) ফাইল প্রেরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সত্যতা যাচাইয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা শিক্ষা অফিস।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো: মোবারক আলী তাঁর প্রকৃত জন্মতারিখ গোপন করে ইএফটি ফাইল প্রেরণ করেছেন মর্মে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩ মার্চ জেলা শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। প্রধান শিক্ষক ওই ফাইলটি বাতিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
এই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তের জন্য গঠিত কমিটির সদস্যরা হলেন— পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আরিফুল্লাহ (আহ্বায়ক) এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা জনাব মো: মনোয়ার হোসেন (সদস্য)।
অফিস আদেশে গঠিত কমিটিকে আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে সরেজমিনে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।