সংবাদ প্রতিবেদন : মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে একটি হাঁসের খামারে ৫০ হাজার টাকা উৎকোচ দাবির জেরে হামলা ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার, ১১ মার্চ ২০২৬ দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম দেবীপুর এলাকার হিন্দুপাড়া থেকে ইব্রাহীম খলিল নয়ন (৩১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নয়ন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজী বাড়ির মো. হানিফ ও দুর্লভ বিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গত শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর এলাকায় আবু বক্কর নামের এক ব্যক্তির হাঁসের আড়তে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগকারী আবু বক্কর জানান, আটক ইব্রাহীম খলিল নয়ন ও তার সহযোগীরা আড়তে এসে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা আবু বক্কর এবং তার ছেলেকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।
মারধরের এই ঘটনার পর ভুক্তভোগী আবু বক্কর সরাসরি ফেনীর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে নালিশি আবেদন দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশনায় গত সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফেনী মডেল থানায় একটি মামলা নথিভুক্ত করা হয় (মামলা নম্বর: ৩৭/৯৭)। পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫ এবং ৫০৬ (২) ধারায় মামলাটি রুজু হয়।
মামলা দায়েরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পারসিত চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।