
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও সদর উপজেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়নে যুক্ত হলো নতুন দিগন্ত। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ৪-তলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) বাস্তবায়নে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটে (৭০১৬) এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৯৯ হাজার ৮৯১ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও কারিগরি দক্ষতা অর্জনে এই ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নারীদের সক্ষমতা বাড়বে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স আমির হামজা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করবে। চুক্তি অনুযায়ী আগামী ৫৪০ কর্মদিবসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জিল্লুর রহমান, কলেজ অধ্যক্ষ ফেরদৌস রহমানসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।