জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দেখা হবে হাশরের ময়দানে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর বিষপান করে মুক্তারুল নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের হাজারো চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মুক্তারুল মানসিকভাবে কিছুটা অস্থির ছিলেন। বিষয়টি লক্ষ্য করে তার দুলাভাই তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো যুক্তিতেই তাকে শান্ত করা সম্ভব হয়নি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ‘দেখা হবে হাশরের ময়দানে’ লিখে একটি স্ট্যাটাস দেন। এরপর তিনি বিষজাতীয় দ্রব্য (কীটনাশক) পান করেন।
তার অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি বুঝতে পারেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে স্বজনদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।