
জুয়েল হাওলাদার, শরণখোলা
পরিবেশ দূষণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় প্রতি মাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি।
রোববার (৯ মার্চ) সকালে রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা বাজার এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার আরো ৩ ইউনিয়নে এ কার্যক্রম এক সাথে পরিচালিত হয়।
জানা যায়, প্রতি মাসে নির্ধারিত তারিখে ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপির আয়োজনে এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়ে থাকে। এ অভিযানে যুব ফোরাম, শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ ধর্মীয় নেতা, ওয়ার্ল্ড ভিশনের রেজিস্টার্ড শিশুদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের সময় বাজার ও আশপাশের এলাকায় পড়ে থাকা প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি এসব সংগ্রহ করা প্লাস্টিক বিক্রি করে প্রাপ্ত অর্থ অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
আয়োজকরা আরও জানান, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।