মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সদর উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদক নিয়ন্ত্রণে সম্মানিত ইমামগণের করণীয়’ শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার (৪ মার্চ ২০২৬) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে ধর্মীয় নেতাদের, বিশেষত মসজিদের ইমামদের সক্রিয় অংশগ্রহণের ওপর এই আয়োজনে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, মাদক এমন একটি ভয়ংকর সামাজিক ব্যাধি যা ধাপে ধাপে ব্যক্তি, পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এই মরণনেশা প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া এই ব্যাধি নির্মূলে ইমামদের সচেতনতামূলক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলা প্রশাসক আহ্বান জানান, জুমার খুতবা ও অন্যান্য ধর্মীয় জমায়েতে মাদকের ক্ষতিকর দিকগুলো যেন মুসল্লিদের সামনে নিয়মিত তুলে ধরা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. নাজমুস সাকিব।
তরুণ লেখক ও সংগঠক নজরুল বিন মাহমুদুলের সাবলীল সঞ্চালনায় এই মতবিনিময় সভায় ইমামদের প্রতিনিধিত্ব করে নিজেদের মতামত ও করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ বরকত উল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ইমাম অংশগ্রহণ করেন।