আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
২০২৫ সালের ৮ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মোঃ কিবরিয়া আল হাছিব। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই আবেদানুর ফাযিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
শিক্ষক পুত্র কিবরিয়া আল হাসিব উপজেলা বুড়িমুড়া গ্রামের মাওলানা ইসমাইল হোসেন এর ছোট পুত্র।
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মাদ্রাসা শিক্ষার দাখিল সরকারি অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে কিবরিয়া আল হাছিব ট্যালেন্টপুলে স্থান লাভ করেছে। তার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।
জানা গেছে, সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পারিবারিক অনুপ্রেরণার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা তার এ কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে জানান, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে—এমনটাই তাদের প্রত্যাশা।
তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় পরিবার সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন সে আগামী দিনে দেশ ও জাতির জন্য গর্বের কারণ হতে পারে।
এ বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষার দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩ হাজার ৩৫৪ জন মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছেন, আর ৭ হাজার ৮২৬ জন সাধারণ বৃত্তি লাভ করেছেন।