খুলনা-৬ আসনে পরাজয় নিয়ে মুখ খুললেন মনিরুল হাসান বাপ্পি, তুললেন অন্তর্ঘাতের অভিযোগ

রাসেল আহমেদ,খুলনা:

 

খুলনা-৬ আসনের সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে নিজের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পি। তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষের তৎপরতার পাশাপাশি দলীয় অভ্যন্তরীণ কিছু নেতাকর্মীর নীরব অবস্থানও ফলাফলে প্রভাব ফেলেছে।
নির্বাচন-পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন বঞ্চিতদের একটি অংশ প্রকাশ্যে নিরপেক্ষ থাকলেও গোপনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি তাদের স্বজনদের কেউ কেউ প্রতিপক্ষকে সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি বিস্তারিতভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলে জানান বাপ্পি।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও তাদের নাম ব্যবহার করে কিছু ভোটকেন্দ্রে এজেন্ট বসানোর ঘটনা ঘটে। নির্বাচন চলাকালে এমন একাধিক ভুয়া এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষ নানা কৌশল, প্রলোভন ও অনিয়মের মাধ্যমে সাধারণ ভোটারদের প্রভাবিত করেছে বলে অভিযোগ তোলেন বিএনপি’র এই নেতা।
নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পি বলেন, যেসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে, তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বাজেট কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য অনুযায়ী, এসব প্রতিশ্রুতি মূলত জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করা কঠিন।
২৬ হাজার ভোটের ব্যবধানে পরাজয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা প্রতিকূলতা থাকলেও জনগণের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকবেন এবং রাজনৈতিকভাবে তাদের কল্যাণে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ