রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
আগামী কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মো. সাইফুল আলম (আউয়াল)। তিনি পৌরবাসীর সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এই নির্বাচন লড়তে চান এবং নির্বাচিত হলে কেন্দুয়া পৌরসভাকে একটি আধুনিক, মডেল পৌরসভায় পরিণত করার কথা ঘোষণা করেছেন।
মেয়র পদপ্রার্থী সাইফুল আলম বলেন, “যদিও আমি বর্তমানে কর্মব্যস্ততার কারণে আপনাদের কাছ থেকে অনেক দূরে আছি, তবে আমার মন সবসময় আপনাদের সঙ্গেই থাকে। কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে আমি একটি মহান দায়িত্ব হিসেবে দেখি। আমি নির্বাচিত হলে, পৌরবাসীকে সঙ্গে নিয়ে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নত করা, মাদকমুক্ত সমাজ গড়া, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা সহ সকলের সমঅধিকার প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করব।” “আমার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই, আমার একমাত্র চাওয়া হলো কেন্দুয়া পৌরবাসীর জন্য কিছু ভালো কাজ করে যেতে পারা। আমি বিশ্বাস করি, আপনারা যদি আমাকে সমর্থন দেন, তবে আমরা একসঙ্গে কেন্দুয়া পৌরসভাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।"
সাইফুল আলম (আউয়াল) পৌরবাসীর কাছে দোয়া এবং সমর্থন চেয়ে বলেন, “আমার কাছে কেন্দুয়া পৌরবাসীর ভালবাসা ও সমর্থনই সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচিত হলে আমি আমার সমস্ত যোগ্যতা, দক্ষতা এবং মনোযোগ দিয়ে পৌরসভার সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করব।" তিনি আশা প্রকাশ করেছেন যে, কেন্দুয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা ও সমর্থন পাবেন।
মেয়র পদপ্রার্থী সাইফুল আলমের ইশতেহার গুলো হল:
শিক্ষার বিস্তার:"শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং আমি কেন্দুয়া পৌরসভায় সকল শিক্ষার অবকাঠামো উন্নত করার জন্য কাজ করব। স্কুল ও কলেজগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার মান বৃদ্ধি করব।"
মাদকমুক্ত সমাজ: "মাদক আমাদের যুবসমাজের শত্রু। আমি পৌরসভার প্রতিটি এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাব, যাতে নতুন প্রজন্ম মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে।"
শতভাগ স্যানিটেশন ব্যবস্থা: "আমার লক্ষ্য, কেন্দুয়া পৌরসভায় স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করে ১০০% স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। নাগরিকদের জন্য পরিচ্ছন্নতা অভিযান, ময়লা ব্যবস্থাপনা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।"
বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা: "বিশুদ্ধ পানি সবার মৌলিক অধিকার। আমি পৌরসভা জুড়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।"
সমঅধিকার প্রতিষ্ঠা: "পৌরসভার সকল নাগরিকের মধ্যে সমতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। সকলের জন্য সমান সুযোগ, শ্রেণীভেদ বা জাতিভেদ ছাড়াই সুযোগ সৃষ্টি করতে হবে।"
এদিকে, কেন্দুয়া পৌরসভা নির্বাচন নিয়ে এলাকার জনগণের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং সাইফুল আলম (আউয়াল) নির্বাচনের এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে সামনে আসছেন বলে সর্ব মহলে আলোচনা চলছে।
উল্লেখ্য, মেয়র পদপ্রার্থী সাইফুল আলমের পৈতৃক বাড়ি উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তার পিতা মরহুম নাসিরউদ্দিন সাবেক ইউপি সদস্য ছিলেন। মো. সাইফুল আলম শিক্ষাজীবনে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করলেও সর্বশেষ সোনারগাঁও সরকারি কলেজ নারায়ণগঞ্জ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি নরসিংদীতে ব্যবসায় জড়িত এবং জে. ফেব্রিক্স এর প্রোপাইটর।