মণিরামপুর (যশোর ) সংবাদদাতা।।
মণিরামপুরে কপোতাক্ষ নদের খোর্দঘাট-কলারোয়া সংযোগ সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে রোববার বিকেল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শুভ হোসেন নামে এক ঘের ব্যবসায়ীকে আটকের পর এক মাসের কারাদন্ড প্রদান করেন।
অভিযুক্ত শুভ হোসেন উপজেলার মশি^মনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহির দায়ান আমিন ও এলাকাবাসী জানায়, কপোতাক্ষ নদের খোর্দঘাট-কলারোয়া সংযোগ সেতুর নিচ থেকে বেশ কয়েকদিন যাবত এলাকার শুভ হোসেনের নেতৃত্বে একটি চক্র স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে ঘের নির্মান করছিলেন।
ফলে সেতুটি পড়ে ঝুকির মধ্যে। অভিযোগ রয়েছে মাটি কাটার ফলে সেতুর স্প্যানে (পিলার) ফাটল হওয়ার উপক্রম হয়। এ ব্যাপারে এলাকাবাসী বাঁধা দিলেও ওই চক্র কোন কর্ণপাত করেনি।
ফলে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি কাটার সময় হাতেনাতে শুভ হোসেনকে আটক করেন। অবশ্য অভিযানের সময় অন্যান্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত আটক শুভ হোসেনের স্বীকারোক্তি মোতাবেক এক মাসের (ত্রিশ দিন) বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, আদালতের রায়ের তাৎক্ষনিকভাবে আসামি শুভকে জেল হাজতে প্রেরন করা হয়।