রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরই পুলিশ প্রশাসন, সরকারি আধাসরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তর, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিএনপি ও তার সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচির মধ্যে ছিল, একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া পাঠ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, র্যালী ও আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি। প্রতিটি কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।