জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকিকে শেরপুরে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী এলাকার শিমুলতলী গ্রামের বাসিন্দা মো. ঈমান আলী (৬৫) ও মো. হেলাল উদ্দিন (৬০)-এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, আমবাগানের গাছ কর্তন, মিথ্যা মামলার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রশাসনের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরপক্ষীমারী এলাকার শিমুলতলী নামক স্থানে এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি অভিযোগ করে বলেন, সাবকবলা দলিলমূলে তিনি চরপক্ষীমারী মৌজায় অবস্থিত নিজের ক্রয়কৃত জমি ও আমবাগান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু খাসপাড়া মরাকান্দি এলাকার মো. ঈমান আলী ও মো. হেলাল উদ্দিন এবং তাদের সহযোগীরা জোরপূর্বক ওই জমি ও আমবাগান দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে একাধিকবার বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে ২০২২ সালের একটি নন-জিআর মামলা এবং ২০২৩ সালের একটি অন্যপ্রকার মামলায় তিনি ডিক্রি প্রাপ্ত হন। আদালতের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে জমিতে অনুপ্রবেশসহ নানা ধরনের ক্ষতিসাধনে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অভিযুক্তরা আমবাগানের চারপাশে থাকা প্রায় ১৫০টি বনজ গাছের ডালপালা কেটে ফেলে এবং বাগানের বেড়ার ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাগানের পাহারাদার মো. আব্দুল মালেককে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়। উপস্থিত সাক্ষীদের সামনেই অভিযুক্তরা জমি ও আমবাগান জোরপূর্বক দখলের পাশাপাশি বাধা দিলে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা যে কোনো সময় নিজেরাই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তাকে ও তার লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছে। এতে তিনি ও তার বাগানের পাহারাদার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তিনি ইতোমধ্যে শেরপুর সদর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৩১, তারিখ: ২০/০২/২০২৬) দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকেও অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়, যাতে করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, দাঙ্গা-হাঙ্গামা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা এড়ানো সম্ভব হয়।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জমশেদ আলী মেমোরিয়াল কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, বাগানের অংশীদার আশরাফ উদ্দিন এবং বাগানের পাহারাদার আব্দুল মালেক। সংবাদ সম্মেলনে বাগানের অন্যান্য অংশীদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও
ঈমান আলী ও হেলাল উদ্দিনের সাথে বারংবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ