
মোহাম্মদ আবু দারদা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা ১০ মিনিটে তিনি এই কার্যালয়ে উপস্থিত হন। সরকারপ্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মূল ভবনে প্রবেশ করার পূর্বেই তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিনের পরিচিত অনেক পুরোনো কর্মীর নাম ধরে কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ নির্বাহীকে এতটা আপন করে কাছে পেয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা কিছুক্ষণের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন।
দাপ্তরিক কাজ শুরুর একপর্যায়ে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি-সহ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি বিশেষ ডাক টিকিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।