
সোহেল রানা বাবু, বাগেরহাট
অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মুর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেখান থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ কে আটক করে ।
আটককৃত ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।